ইসলামপুর

সৌর বিদ্যুতের গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুর বেলগাছা ইউনিয়নের মন্নিয়াচর এলাকায় সৌর বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে গ্রাহকদের হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। এ সময় তারা বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান Vinssen G-Tech Limited (ভিনসেন জিটেক লিমিটেড)-এর কাছে গ্রাহকদের জমাকৃত টাকা ফেরত এবং ঘরে বসানো মিটার অপসারণের দাবি জানান।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়াচর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন- প্রতিষ্ঠানটির সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় বিদ্যুৎ সংযোগ পাওয়ার আশায় তারা নির্ধারিত অর্থ জমা দেন। কিছুদিন সেবা পেলেও দীর্ঘ সময় ধরে সংযোগ বন্ধ রয়েছে। ফলে তারা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিরও শিকার হচ্ছেন।

বক্তারা বলেন- বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

মানববন্ধন থেকে ভুক্তভোগীরা চার দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো-গ্রাহকদের জমাকৃত টাকা দ্রুত ফেরত দেওয়া, বন্ধ থাকা বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা অথবা স্থায়ী সমাধান দেওয়া, গ্রাহকদের বাড়িতে স্থাপিত মিটার অপসারণ করা এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধ করা।

বক্তারা আরও বলেন, দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে অভিযোগের বিষয়ে ভিনসেন জিটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো, জাহিদ হাসান বলেন- গ্রাহকরা নিজে থেকেই আমাদের বিদ্যুৎ ব্যবহার সীমিত করেছে, গ্রাহক কমে যাওয়ায় আমরা পল্লী বিদ্যুতের কাছে বিদ্যুৎ সরবরাহ করছি।

Related Articles

Back to top button