জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা
স্টাফ রিপোর্টার: জামালপুরে ‘জেসমিন’ প্রকল্পের সেরা চর্চা বা বেস্ট প্র্যাকটিসেস বিষয়ক এক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসি (DTRC)-তে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদার সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন ওয়ার্ল্ড ভিশনের জেসমিন প্রকল্প ম্যানেজার অসীম চ্যাটার্জি। উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক মো. মেহেরউল্লাহ ও ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন।
সভায় প্রকল্পের জেন্ডার স্পেশালিস্ট নাহিদা ইসলাম ও মনিটরিং ম্যানেজার সাখাওয়াৎ হোসেন মূল ধারণা পত্র উপস্থাপন করেন।
সভায় জানানো হয়, অস্ট্রেলিয়ান সরকারের (ANCP) সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জামালপুরের ৪টি উপজেলার ২৮টি ইউনিয়নে ২৫ হাজার প্রান্তিক কৃষক পরিবার নিয়ে ২০২৩ সাল থেকে এই প্রকল্প বাস্তবায়ন করছে। সভায় উপস্থাপিত মিড-টার্ম মূল্যায়নের তথ্য অনুযায়ী, প্রকল্পের ভ্যালু চেইন কার্যক্রমের ফলে কৃষকদের সার্বিক আয় ৫৭.৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সুষম খাদ্য ও পুষ্টি বিষয়ক জ্ঞান ৩৯.৫ শতাংশ থেকে বেড়ে ৭৮.৬ শতাংশে এবং ৫টি গুরুত্বপূর্ণ সময়ে হাত ধোয়ার অভ্যাস ৩৫ শতাংশ থেকে বেড়ে ৯৪.৫ শতাংশে উন্নীত হয়েছে। এছাড়া পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ ১০.৭ শতাংশ থেকে বেড়ে ৬৫.৩ শতাংশে দাঁড়িয়েছে, যা জেন্ডার সমতায় বড় মাইলফলক।
আলোচনায় আরও জানানো হয়, প্রকল্পের আওতাধীন ৬০টি ‘স্মার্ট কিশোরী ক্লাব’-এর প্রায় ১৫০০ কিশোরী সদস্য ডিজিটাল অ্যাপ ব্যবহার করে কৃষকদের ফসলের রোগবালাই শনাক্তকরণ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এছাড়া বাংলাদেশে ৫০ লক্ষ শিশুর পুষ্টিগত উন্নয়ন এবং শিশু ক্ষুধা, অপুষ্টি ও বাল্যবিবাহ শূন্যে নামাতে ওয়ার্ল্ড ভিশনের বৈশ্বিক প্রচারাভিযান “ENOUGH”-এর বিষয়েও সভায় আলোকপাত করা হয়। সভায় স্থানীয় ৩০ জন সাংবাদিকসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




