ইসলামপুর

আদালতের আদেশে মাদ্রাসা ফিরে পেলো জমি

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুর ইসলামপুরে দীর্ঘ ছয় বছর ধরে বেদখল করে রাখা মরহুম জমর উদ্দিন ও মরহুমা আমিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা’র জমি আদালতের নির্দেশে ঢাক ঢোল পিটিয়ে পুনরুদ্ধার করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা মৌজায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেখার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ থেকে জানা যায়- জামালপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মিস পিটিশন মামলা নং-১০৭/২০২০-এর আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সকাল সাড়ে ১১টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী উচ্ছেদ অভিযান চালিয়ে বেদখলকৃত জমি পুনরুদ্ধার করা হয়।

মামলার বাদী মো. আব্দুস ছাত্তার  এবং বিবাদী আজিজুল হক ওরফে আইজল গং। তারাএকই এলাকার বাসিন্দা এবং উচ্ছেদ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ, ফায়ার সার্ভিস, সাংবাদিক, উচ্ছেদ কর্মী, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জমির মালিকের সহোদর ভাই পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন- দীর্ঘদিন ধরে একটি পক্ষ জমিটি জোরপূর্বক বেদখল করে রেখেছিল। আমরা জমিটি একটি মাদ্রাসার নামে দান করেছি। প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে জমিটি উদ্ধার হওয়ায় সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

ইসলামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার জানান- আদালতের রায় অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে জমিটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মালমারা মৌজার আর.এস. খতিয়ান নং-৪৬৩ এবং আর.এস. দাগ নং-১৬৮-এর অন্তর্ভুক্ত প্রায় ০.৩৫ একর জমিতে এ উচ্ছেদ ও দখল পুনরুদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। বসতবাড়ি নির্মাণের মাধ্যমে জমিটি দীর্ঘদিন ধরে অবৈধ বেদখলে ছিল।

Related Articles

Back to top button