মেলান্দহ

নায়েব আলীকে হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে সড়ক অবরোধ

সাকিব আল হাসান নাহিদ,মেলান্দহ: জামালপুরের মেলান্দহে ইজিবাইক চালক নায়েব আলী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী, পরিবহন শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় অংশগ্রহণকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং ‘খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তব্য দেন- নুরে আলম তালুকদার, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান, নিহতের ছেলে আনোয়ার হোসেনসহ এলাকার অন্যান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন- একজন নিরীহ ইজিবাইক চালককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুধু একটি ইজিবাইকের লোভে একজন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্ত্রী মোমেনা বেগম বলেন- আমার স্বামীই ছিল আমাদের সংসারের একমাত্র ভরসা। তাঁর আয়ে সংসার চলত, সন্তানদের পড়াশোনা চলত। এখন আমার সন্তানদের নিয়ে কীভাবে বাঁচব, জানি না। যারা আমার স্বামীকে এভাবে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই। তাদের বিচার হলে হয়তো কিছুটা শান্তি পাব।মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের ইজিবাইক চালক নায়েব আলী গত ২১ জুন ভোরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ২৩ জুন ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে লাগেজবন্দি অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২৪ জুন ভোরে মূল অভিযুক্ত নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানিয়েছে- মাত্র ১০ হাজার টাকার প্রয়োজন মেটাতে ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে নায়েব আলীকে হত্যা করা হয়েছিল। বর্তমানে এ ঘটনায় মোট ছয়জন গ্রেপ্তার রয়েছেন।

Related Articles

Back to top button