বকশীগঞ্জ

নিখোঁজের ১০ দিন পর দুই স্কুল ছাত্রী উদ্ধার

ম‌তিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়া দুই স্কুল ছাত্রী আফসানা আক্তার (১৩) ও আশা মনি (১১) নিখোঁজের ১০ দিন পর উদ্ধার হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, এক বান্ধবীর প্ররোচনায় পড়ে চাকরির খোঁজে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পরবর্তীতে ঢাকার শাহ আলী থানা পুলিশের বিশেষ সহায়তায় মিরপুরের সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্র থেকে তাদের উদ্ধার করা হয়।

দীর্ঘ দিন পর সন্তানদের ফিরে পেয়ে আবেগাপ্লুত আফসানা আক্তারের বাবা মো. আল আমিন বলেন- ১০ দিন আমাদের জন্য কী বিভীষিকাময় ছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহকে অশেষ ধন্যবাদ যে আমার মেয়ে ও তার সঙ্গীকে আমরা সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি।

আশা মনির বাবা এরশাদ আলী বলেন- মেয়েকে ফিরে পেয়ে আমাদের পরিবারের স্বস্তি ফিরে এসেছে। পুলিশ ও প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, তাতে আমরা কৃতজ্ঞ।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন- নিখোঁজ হওয়ার পর থেকেই আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। ঢাকার শাহ আলী থানার পুলিশের সাথে সমন্বিত অভিযানের মাধ্যমে মেয়েদের উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।

গত ১৭ জুন থেকে নিখোঁজ থাকার পর অবশেষে সন্তানদের ফিরে পেয়ে ভুক্তভোগী পরিবারগুলোতে স্বস্তি ফিরে এসেছে।

Related Articles

Back to top button