মেলান্দহ

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহ উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে কাজ করার সময় নিচে পড়ে আলাল উদ্দিন (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।

এর আগে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৪টা দিকে তার মৃত্যু হয়।

নিহত আলাল উদ্দিন উপজেলার দুরমুঠ (চৌরাস্তা) গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান- উপজেলার দুরমুঠ ইউনিয়নের কলাবাধা এলাকায় আজিজুল ইসলামের নির্মাণাধীন দুইতলা ভবনের ছাদে কাজ করছিলেন আলাল উদ্দিন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে বিকেল ৪টা দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুর পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে তার নিজ বাড়িতে রাখা হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন-“ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Related Articles

Back to top button