পেটের ব্যথা সইতে না পেরে ভ্যানচালকের আত্মহত্যা
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্যাস্ট্রিক ও পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরত আলী প্রামাণিক (৫০) নামে এক ভ্যানচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (২৮ জুন) মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম এলাকায় সরকারি কলেজের পেছনের একটি বাগান থেকে তাঁর ঝুলন্ত মরদেহউদ্ধার করে পুলিশ।
নিহত হযরত আলী ওই এলাকার মৃত আব্বেস প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান- হযরত আলী প্রামাণিক দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক ও পেটের ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তবে কোনো চিকিৎসাতেই তাঁর রোগের উন্নতি হয়নি। রোববার সকালে রোগের যন্ত্রণা তীব্র হলে তিনি তা সহ্য করতে না পেরে পরিবারের সবার অজান্তে ঘরের বাইরে চলে যান। পরে বাড়ির পাশে একটি বাগানে গাছের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাই জহির ফকির বলেন- ‘আমার ভাই অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু কোনো চিকিৎসাতেই তেমন কাজ হয়নি। দীর্ঘদিন ধরে পেট ব্যথায় ভুগছিলেন। সেই কষ্ট সহ্য করতে না পেরে সকালে বাড়ির পেছনে গলায় ফাঁস দিয়েছেন বলে আমরা ধারণা করছি।’
এ বিষয়ে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ স্নেহাশীষ রায় বলেন- ‘প্রাথমিক তদন্তে জানা গেছে পেটের ব্যথার যন্ত্রণার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। নিজে নিজে আত্মহত্যা করার যে সব সিম্পটম বা লক্ষণ থাকে, সুরতহালে তার সবগুলোই পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’




