মাদারগঞ্জ

মাদারগঞ্জ–সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

এম আর সাইফুল,মাদারগঞ্জ: মাদারগঞ্জ–সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার হাওয়াই ব্রীজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘মেলান্দহ–মাদারগঞ্জের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় তিন হাজার মানুষ অংশ নেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির, বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুসা, বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ।

মানববন্ধনে বক্তারা বলেন- মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে জামালপুর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুরসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। এতে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষি, বাণিজ্য, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে এবং এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

বক্তারা আরও বলেন- ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে মাদারগঞ্জ থেকে সারিয়াকান্দির দূরত্ব নদী পথে অত্যন্ত কম, যা সেতু নির্মাণের জন্য সবচেয়ে উপযোগী। দ্রুত এই দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা।

Related Articles

Back to top button