মেলান্দহ

মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো সোলার আইপিএস ও আল্ট্রাসনোগ্রাম

সাকিব আল হাসান নাহিদ,মেলান্দহ: জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিরবচ্ছিন্ন ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সোলার আইপিএস এবং নতুন আল্ট্রাসনোগ্রাম মেশিনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে হাসপাতাল চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভার মধ্য দিয়ে এই নতুন সুবিধার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন- নতুন সোলার আইপিএস চালুর ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময়ও হাসপাতালে জরুরি স্বাস্থ্যসেবা সচল রাখা সম্ভব হবে। পাশাপাশি আল্ট্রাসনোগ্রাম মেশিনটি যুক্ত হওয়ায় স্থানীয় জনগণ এখন উপজেলা পর্যায়েই সহজে ও দ্রুত রোগনির্ণয়ের সুবিধা পাবেন। এটি প্রান্তিক মানুষের চিকিৎসাসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ ও মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি হাসপাতালের নানা সংকট নিরসনের আশ্বাস দিয়ে মন্তব্য করেন- আমরা চিকিৎসাসহ সব পর্যায়ে এই বাংলাদেশকে বদলাতে চাই। সবাই নিজ নিজ অবস্থান থেকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারলে দেশ পরিবর্তনের পথ আরও সুগম হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান জনবল ও অবকাঠামোগত সংকটসহ সেবাদান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসা সেবার মান বজায় রাখতে স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নতুন এই যন্ত্রপাতির ফলে রোগীদের আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, সহ-সভাপতি রফিকুল ইসলাম রহিম, ফজলুর রহমান ঠান্ডা এবং মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান।

Related Articles

Back to top button