মাদারগঞ্জ

শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহিদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা উল্লেখ করেন, নতুন প্রজন্মের কাছে আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের সবার দায়িত্ব। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং শহিদ পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

জুলাই আন্দোলনে শহিদ মোস্তফার মা মর্জিনা বেগম তার বক্তব্যে আবেগঘন স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক এবং মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম বক্তব্য দেন।

এছাড়া জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী লেমন মিয়া, গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী এবং জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম, তাপসী আক্তার ও সুবর্ণা আক্তার আহতদের পুনর্বাসন ও শহিদ পরিবারের পাশে দাঁড়ানোর দাবি তুলে ধরেন।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোয়াজ আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুস্মিতা দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন ও আইসিটি কর্মকর্তা এম. ই. সারোয়ার লিমনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবের শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা লোকমান আনোয়ারী।

Related Articles

Back to top button