সাড়ে ৩ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট ও চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পৌর শহরের মধ্যবাজার, দশানী নদী এবং নীলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত থেকে জানা যায়- মধ্যবাজার এলাকায় ব্যবসায়ী শহীদ মিয়ার দোকানে অভিযান চালিয়ে এক লাখ ১০ হাজার টাকা মূল্যের তিন হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অবৈধ জাল মজুত রাখার অপরাধে ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, দশানী নদী ও নীলক্ষিয়া ইউনিয়নের কয়েকটি পয়েন্ট থেকে আরও দুই লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৭১টি চায়না রিং জাল উদ্ধার করে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এমন কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি। নিষিদ্ধ এসব জালের কারণে মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি হচ্ছে বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।
অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন উপস্থিত ছিলেন। এছাড়া বকশীগঞ্জ থানা পুলিশ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে।




