শতাধিক গাছের চারা রোপণ
শফিকুল ইসলাম,জামালপুর: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে জামালপুরের মেলান্দহে শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলাটির জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে শাহজালাল ইসলামী ব্যাংক (জামালপুর ও শেরপুর শাখা) এবং কোয়ান্টাম ফাউন্ডেশন জামালপুর সেল।
এই উদ্যোগের আওতায় কলেজ প্রাঙ্গণে আম, কাঁঠাল, আমলকী, নারিকেল, জাম্বুরা, চালতা ও লেবুসহ শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিৎ দাস, শাহজালাল ইসলামী ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক মো. জুলফিকার আলী, কোয়ান্টাম ফাউন্ডেশন জামালপুর সেলের আহ্বায়ক রকিবুল ইসলাম আকন্দ এবং আর্ডেন্টিয়ার আশরাফুজ্জামান স্বাধীনসহ আরও অনেকে।
কলেজের বিশাল ক্যাম্পাসে গাছ লাগানোর পর্যাপ্ত জায়গা রয়েছে উল্লেখ করে অধ্যক্ষ বিশ্বজিৎ দাস মন্তব্য করেন, বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি উদ্যোগে এমন বৃক্ষরোপণ নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ।
শাহজালাল ইসলামী ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক মো. জুলফিকার আলী জানান, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও মসজিদ ও ঈদগাহসহ জামালপুরের সাতটি প্রতিষ্ঠানে প্রায় পাঁচশ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের সবুজায়ন কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছরই তাদের এই কার্যক্রম পরিচালিত হয় বলে তিনি তুলে ধরেন।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানে গাছ লাগানোর জায়গা আছে এবং যারা গাছের সঠিক পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করবে, সেখানেই বৃক্ষরোপণ করা হবে বলে মন্তব্য করেন কোয়ান্টাম ফাউন্ডেশন জামালপুর সেলের আহ্বায়ক রকিবুল ইসলাম আকন্দ। তারা মূলত ফলজ ও ঔষধি গাছ রোপণের ওপরই বেশি গুরুত্ব দিচ্ছেন বলে তার ভাষ্য।




