৫ দফা দাবিতে বুধবার থেকে দেশব্যাপী অ্যাম্বুলেন্স ধর্মঘটের হুঁশিয়ারি
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: পাঁচ দফা দাবি আদায়ে আগামীকাল বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
সমিতির উত্থাপিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা করা, হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের টোল মওকুফ, লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ পরিবহনকারী অ্যাম্বুলেন্সকে টোলমুক্ত সুবিধার আওতায় আনা এবং অ্যাম্বুলেন্সের জন্য সার্বক্ষণিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির শেরপুর জেলা শাখার নেতা সানাউল ইসলাম বাবু উল্লেখ করেন, দাবি আদায়ে গত তিন দিনেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মঙ্গলবারের মধ্যে কোনো সমাধান না এলে সারাদেশের মতো শেরপুরেও অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রাখা হবে বলে তিনি মন্তব্য করেন।
সমিতির নেতারা দাবি করেন- দীর্ঘদিন ধরে এসব যৌক্তিক চাওয়া উপেক্ষিত থাকায় জরুরি রোগী পরিবহন সেবা ব্যাহত হচ্ছে। করোনাভাইরাস মহামারির সময় স্বজনরা যখন রোগীদের কাছে যেতে ভয় পেয়েছিলেন, তখন এই অ্যাম্বুলেন্স কর্মীরাই জীবনবাজি রেখে দায়িত্ব পালন করেছেন বলে তারা তুলে ধরেন। তাই জনভোগান্তি এড়াতে দ্রুত দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে জেলা শাখার নেতা আবুল হাশেম, এম এ মান্নান, মাহমুদুল হাসান মনা ও শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।




