সারাদেশ

শেরপুরে জলাশয় পরিষ্কার নিয়ে দ্বন্দ্বে গৃহবধূকে হত্যা

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাড়ির পাশের একটি জলাশয় পরিষ্কার করাকে কেন্দ্র করে ভাতিজাদের হামলায় ছানিয়া বেগম (৫২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার দড়ি কালিনগর গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত ছানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়- মাছ চাষের উদ্দেশ্যে জলাশয়ের কচুরিপানা ও ডালপালা পরিষ্কার করা নিয়ে একই পরিবারের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা চরম আকার ধারণ করে এবং সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ উঠেছে, এ সময় ভাসুর আব্দুল হাকিমের ছেলে শাহা আলী, শহর আলীসহ কয়েকজন ছানিয়া বেগমের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানিয়েছেন, পুলিশ নিবিড়ভাবে ঘটনাটির তদন্ত করছে। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তার ভাষ্য।

Related Articles

Back to top button