নারীসহ পুলিশ হেফাজতে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট ভবনের তৃতীয় তলায় অবস্থিত তার বাসভবন থেকে তাদের থানায় নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের আবাসিক অংশে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন তারা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। পরে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং তাদের থানায় নিয়ে যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান- খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাসপোর্ট অফিসের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে গভীর রাতে বহিরাগতের উপস্থিতির কারণে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তথ্য যাচাইয়ের জন্য তাদের থানায় আনা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওসি আরও জানান, ওই নারীর নাম ওজিলা এবং তিনি মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শালী। তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকায়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ প্রক্রিয়া শেষ হলে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।




