হবিগঞ্জে হামলার প্রতিবাদে মেলান্দহে এনসিপির মশাল মিছিল
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দলীয় নেতাকর্মীরা রাত সাড়ে ৮টার দিকে মেলান্দহ উপজেলা অডিটোরিয়াম চত্বর থেকে একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলান্দহ বাজারের জিরো পয়েন্ট বা চৌরাস্তা মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা হবিগঞ্জে দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনাকে ন্যক্কারজনক ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী হিসেবে আখ্যায়িত করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে একশ্রেণির রাজনৈতিক দুর্বৃত্ত সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এর ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও হয়রানির শিকার হচ্ছেন বলে তারা মন্তব্য করেন।
এ সময় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক হাফেজ আব্দুর রউফ এবং জাতীয় যুবশক্তি জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খাইরুল ইবনে বারী বিদ্যুৎ ও ফাহিম হাসান লাদেন। এ ছাড়া জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব মো. ওসমান মনির ও উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক হাদিউর রহমান বিপুলসহ দলের স্থানীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।




