গরু দেওয়ার প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ: ইউপি সদস্য গ্রেপ্তার
এম আর সাইফুল,মাদারগঞ্জ: এনজিওর মাধ্যমে গরু দেওয়ার কথা বলে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জামালপুরের মাদারগঞ্জে মোহাম্মদ আলী জিন্নাহ নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জিন্নাহ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং একই এলাকার সাবেক মেম্বার মরহুম বদিউজ্জামাল বদির ছেলে।
স্থানীয়রা জানান- ২০২৪ সালে বিভিন্ন ব্যক্তিকে এনজিও থেকে গরু পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন এই ইউপি সদস্য। ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তিনি কথা রাখেননি। একপর্যায়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি।
টানা অনুপস্থিতির কারণে ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ থেকে তার বেতন-ভাতাসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাওনা টাকা না পেয়ে এবং তাকে এলাকায় খুঁজে না পেয়ে অবশেষে এক ভুক্তভোগী তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় উল্লেখ করেন, “মোহাম্মদ আলী জিন্নাহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে।”




