কাদায় বেহাল সড়ক: ইউপি সদস্যের উদ্যোগে সংস্কার
মাসুদ পারভেজ রুবেল, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একটি কাঁচা সড়কে নিজ উদ্যোগে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করেছেন স্থানীয় এক ইউপি সদস্য। সামান্য বৃষ্টিতেই কাদার কারণে সড়কটিতে হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। সাময়িক এই সংস্কারে জনমনে কিছুটা স্বস্তি ফিরলেও সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলার নতুন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে হাজীপাড়া এলাকার এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করেন।
শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্ষা বা শুকনো যেকোনো মৌসুমেই সড়কটিতে চলাচলে বিঘ্ন ঘটে। সামান্য বৃষ্টি হলে এটি রীতিমতো কাদার সাগরে পরিণত হয়। এতে কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। সংশ্লিষ্ট দপ্তরে বারবার জানানোর পরও স্থায়ী সংস্কার বা পাকাকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
জনসাধারণের এমন দুর্ভোগ লাঘবে অবশেষে এগিয়ে আসেন রৌমারী সদর ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) সদস্য সেলিনা আক্তার। তিনি ব্যক্তিগত উদ্যোগে সড়কটিতে মাটি কেটে ভরাটের ব্যবস্থা করেছেন। এতে আপাতত চলাচলের ক্ষেত্রে স্বস্তি পেয়েছেন নতুন বন্দর, হাজীপাড়াসহ আশপাশের গ্রামের মানুষ।
জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা শাহ কামাল। তবে তিনি উল্লেখ করেন, এটি কেবলই একটি সাময়িক সমাধান। টেকসই উন্নয়নের জন্য সড়কটি দ্রুত পাকাকরণ করা প্রয়োজন। তা না হলে আগামী বর্ষা মৌসুমে আবারও এলাকাবাসীকে একই দুর্ভোগে পড়তে হবে বলে মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে ইউপি সদস্য সেলিনা আক্তার তার ভাষ্য তুলে ধরেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী এই সড়কে শিক্ষার্থী, কৃষক ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। মানুষের কষ্টের কথা বিবেচনা করেই ব্যক্তিগত উদ্যোগে তিনি মাটি ফেলার ব্যবস্থা করেছেন। তবে এটি কোনো স্থায়ী সমাধান নয় উল্লেখ করে এলাকাবাসীর নির্বিঘ্নে চলাচলের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি পাকা করার জোর দাবি জানান এই জনপ্রতিনিধি।




