বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত: মায়েদের সহায়তায় জোর
মাসুদ পারভেজ রুবেল, রৌমারী (কুড়িগ্রাম): “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” প্রতিপাদ্যে কুড়িগ্রামের রৌমারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শিশুর সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের অপরিহার্যতা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে। এর ফলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অপুষ্টি দূর হয়। পাশাপাশি মায়ের স্বাস্থ্য সুরক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মজীবী মায়েদের জন্য মাতৃদুগ্ধদানবান্ধব পরিবেশ গড়ে তুলতে পরিবার, কর্মক্ষেত্র ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই কর্মসূচি পালিত হয়।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকালে হাসপাতাল চত্বর থেকে শুরু হওয়া একটি বর্ণাঢ্য র্যালি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সচেতনতামূলক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নবীউল ইসলামসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য পরিদর্শক, কমিউনিটি স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।




