ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে সাখাওয়াত হোসেন নামের ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) বেলা ৩টার দিকে পৌরসভার চর ধানাটা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাখাওয়াত ওই গ্রামের সুমন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে- রোববার দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের খোলা মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল সাখাওয়াত। খেলার একপর্যায়ে বলটি পাশের পুকুরে পড়ে যায়। সেটি তুলে আনতে পুকুরে নামলে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামিউল হক উল্লেখ করেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে ছোট্ট সাখাওয়াতের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবারে কান্নার রোল পড়েছে এবং পুরো চর ধানাটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।




