মেলান্দহ

সাংবাদিকতা কর্মশালা: বস্তুনিষ্ঠতা ও সত্য অনুসন্ধানে জোর দিলেন উপাচার্য

মোঃ মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: বিশ্ববিদ্যালয় প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করতে এবং সমাজের প্রকৃত আয়না হিসেবে কাজ করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে হবে। কেবল জনপ্রিয়তার পেছনে না ছুটে প্রকৃত সত্য অনুসন্ধান করে জনসচেতনতা তৈরিই হওয়া উচিত তরুণ সংবাদকর্মীদের মূল লক্ষ্য।

রবিবার (২ আগস্ট) জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আয়োজিত এক সাংবাদিকতা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।

জাবিপ্রবি সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে দিনব্যাপী ‘বেসিক জার্নালিজম, মোজো (মোবাইল জার্নালিজম) এবং এআই রিপোর্টিং’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াত এবং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে বর্তমান সময়ের সাংবাদিকতা নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন মন্তব্য করেন, ‘বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অসংখ্য মিডিয়া হাউজ গড়ে ওঠায় সত্য-অসত্যের পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। কারও একটি কথা শুনেই সংবাদের পেছনে দৌড়ানো উচিত নয়, বরং অনুসন্ধান করে প্রকৃত সত্য বের করে আনতে হবে।’ সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করা এবং সমাজের কাউকে অকারণে হেয়প্রতিপন্ন না করার বিষয়ে সাংবাদিকদের নিজেদেরও দায়বদ্ধতা থাকার বিষয়টি তিনি স্মরণ করিয়ে দেন। তার ভাষ্য, ‘সত্য তুলে আনতে সময় লাগলেও সেই সত্যকেই প্রতিষ্ঠা করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিংয়ে সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে উপাচার্য আরও জানান, তাদের প্রধান কাজ দক্ষ মানবসম্পদ তৈরি করা। এর পাশাপাশি সাংবাদিকতায় একটি দক্ষ জনবল তৈরি করতে পারলে সেটি বিশ্ববিদ্যালয়ের জন্য বড় অর্জন হবে। স্বল্প সময়ে এই আয়োজনে অর্থায়ন ও সার্বিক সহায়তার জন্য তিনি আইকিউএসি কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানান।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণ সংবাদকর্মীদের হাতে ফাইল, প্যাড ও কলম তুলে দিয়ে মূল প্রশিক্ষণ পর্ব শুরু হয়। দিনব্যাপী বিভিন্ন সেশনে হাতে-কলমে প্রশিক্ষণ দেন জাবিপ্রবির বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. বেলাল হোসেন এবং দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান রনি। প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ কাঠামো, মোবাইল জার্নালিজম, ভিডিও সম্পাদনা, লাইভ রিপোর্টিং, নিউজরুমে এআই-এর ব্যবহার এবং প্রাসঙ্গিক ও কঠিন প্রশ্ন করার কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদিকুর রহমান এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহম্মদ শাহজালাল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জাবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন ও যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, বিভিন্ন দপ্তরের প্রধান, কর্মকর্তাবৃন্দ এবং জাবিপ্রবিসাসের সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাপনী পর্বে জাবিপ্রবি সাংবাদিক সমিতির ২০২৫-২৬ বর্ষের ‘মিডিয়া অ্যাওয়ার্ড’ বিজয়ীদের নাম ঘোষণা ও তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আয়োজকদের পক্ষ থেকে অতিথি ও প্রশিক্ষকদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

Related Articles

Back to top button