নিখোঁজ ব্যবসায়ীর পুঁতে রাখা মরদেহ উদ্ধার: আটক ১৯
রাকিবুল আওয়াল পাপুল,শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর বিল্লাল হোসেন (৪৫) নামের এক ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব গজারীকুড়া এলাকার রঞ্জনা খালের পাড়ে মাটির নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠীর ১৯ নারী ও পুরুষকে আটক করা হয়েছে। নিহত বিল্লাল উপজেলার জারুলতলা এলাকার জুলহাসের ছেলে।
স্থানীয়রা জানান- বুধবার দুপুরে রঞ্জনা খালের পাড়ে স্থানীয় লোকজন তীব্র দুর্গন্ধ পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে।
বিল্লালের স্বজনেরা জানান- গত ৪ আগস্ট বাড়ি থেকে বের হওয়ার পর বিল্লাল হোসেন নিখোঁজ হন। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, বিল্লাল হোসেনকে হত্যার পর আলামত নষ্ট করতে মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে।
শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান- অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনাটির তদন্ত চলছে। প্রকৃত কারণ উদ্ঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি এস এম নূর মোহাম্মদ।




