সারাদেশ

এসএসসিতে চার বিষয়ে অকৃতকার্য: পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হওয়ার এক দিন পর দিয়া মনি অন্তি (১৬) নামের এক পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আলগী গ্রামের সরকারবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অন্তি ওই গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে। সে চলতি বছর চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১০ আগস্ট) সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে চার বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকেই অন্তি মানসিকভাবে ভেঙে পড়েছিল। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা বসতঘরের বারান্দায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে নকলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, প্রাথমিকভাবে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরীক্ষায় ব্যর্থ হওয়ার লজ্জায় ও ক্ষোভে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button