
মো: মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: নিজ দলের নেতাদের প্রকাশ্যে মারধর এবং হলের সিট দখলের অভিযোগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদকে বহিষ্কার করা হয়েছে। আর এই বিষয়টি নিয়ে সংবাদ করে Jamalpurnews24.com।
এরপর গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় ছাত্রদল শনিবার (২২ আগস্ট) রাতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। একই সঙ্গে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদকে শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের অনুমোদনে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২১ আগস্ট শাখা ছাত্রদলের দুই আহ্বায়ক সদস্য মো. আমান উল্লাহ এবং এস এম ইফতে খায়রুল নিজেদের নিরাপত্তা ও সিট ফিরে পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগে বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. আমান উল্লাহ জানান, শাকিল আহমেদ তাঁকে নিজ কক্ষে প্রবেশে বাধা দেন এবং তাঁর বরাদ্দকৃত সিট জোরপূর্বক দখল করে নেন। আরেক সদস্য এস এম ইফতে খায়রুল অভিযোগ করেন, গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শাকিল তাঁকে প্রকাশ্যে মারধর করেন এবং হুমকি দেন।
শাকিল আহমেদের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ ছিল। সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক সমর্থন আদায়ে গণস্বাক্ষর নেওয়া এবং চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগও গণমাধ্যমে এসেছিল। সে সময় এক ভুক্তভোগী দাবি করেছিলেন, চাকরির আশায় পরিবারের গরু বিক্রি করে তিনি শাকিলকে টাকা দিয়েছিলেন। এসব অভিযোগের কোনোটিরই চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই নিজ দলের নেতাদের ওপর হামলার ঘটনায় তিনি পদ হারালেন।
গত বছরের (২০২৫) ২২ ফেব্রুয়ারি জাবিপ্রবি শাখা ছাত্রদলের ৩৭ সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠিত হয়। শীর্ষ নেতার বহিষ্কারের মধ্য দিয়ে দীর্ঘ দেড় বছর পর সংগঠনের নেতৃত্বে বড় পরিবর্তন এল।




