শিক্ষার্থীদের দেওয়া ফ্রিজ নিজ বাসায় নেয়ার পর আবার ফেরত দিলেন গণিত শিক্ষক
স্টাফ রিপোর্টার: জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীদের উপহার দেওয়া একটি ফ্রিজ নিজের বাসায় নিয়ে ব্যবহারের অভিযোগ উঠেছে বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলীর বিরুদ্ধে। নিয়মবহির্ভূতভাবে কলেজের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করায় শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবশ্য বিষয়টি জানাজানি হওয়ার পর ফ্রিজটি বিভাগে ফেরত দিয়েছেন অভিযুক্ত শিক্ষক।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় এক বছর আগে গণিত বিভাগের স্নাতকোত্তর (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) শ্রেণির শিক্ষার্থীরা বিভাগীয় কার্যালয়ের জন্য ৯০ লিটারের একটি মিনি ফ্রিজ উপহার দেন। এতদিন এটি বিভাগীয় প্রধানের কক্ষেই ছিল এবং অন্য শিক্ষকরাও ব্যবহার করতেন। তবে প্রায় এক মাস আগে নিজের বাসার ফ্রিজ নষ্ট হয়ে গেলে মো. আব্বাছ আলী কলেজের ফ্রিজটি বাসায় নিয়ে যান।
বিষয়টি আগে অবগত ছিলেন না জানিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, বিভাগ থেকে বাসায় ফ্রিজ নিয়ে যাওয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত। প্রতিষ্ঠানের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা মোটেও ঠিক হয়নি। খবর প্রকাশের পর এ নিয়ে কথা বলা হলে শিক্ষক ফ্রিজটি ফেরত দিয়ে যান।
অভিযোগের বিষয়ে বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলী জানান, বিভাগে ফ্রিজের তেমন প্রয়োজন হচ্ছিল না। তার বাসার ফ্রিজটি নষ্ট হওয়া এবং ঢাকায় থাকা মেয়ে রান্না করা খাবার পাঠানোয় সংরক্ষণের জন্য সেটি বাসায় নিয়েছিলেন।




