বকশীগঞ্জ

বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মর্মান্তিক মৃত্যু

ম‌তিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে একটি মুদি দোকানে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. পারভেজ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের আলমারী নতুনপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত পারভেজ একই গ্রামের জামাত ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান- বুধবার বেলা ১১টার দিকে আইমনা মতিবর উচ্চ বিদ্যালয়ের সামনে ফকির আলীর মুদি দোকানে বিদ্যুতের কাজ করতে যায় পারভেজ। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হো‌সেন জানান, কিশোরের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Back to top button