ওসির নাম ও নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হকের নাম ও সরকারি মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে বিভিন্ন মানুষকে হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারকদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ওসি।
শনিবার (১২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান ওসি।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাত প্রতারকরা তার পরিচয় ও সরকারি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ থেকে পরিচিতজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বার্তা পাঠিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করছে। একই ঘটনায় প্রতারণার শিকার এক ভুক্তভোগীও থানায় পৃথক একটি জিডি করেছেন।
এ বিষয়ে ওসি এটিএম মাহমুদুল হক জানান, পরিচিত এক ব্যক্তি ফোন করে বিষয়টি জানালে তিনি অবাক হয়ে যান। কারণ তিনি কারও কাছে টাকা চাননি। প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তিনি থানায় জিডি করেন। পুলিশ ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ও নম্বরটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিজের পরিচয় ব্যবহার করে কেউ টাকা চাইলে বা কোনো বার্তা দিলে যাচাই না করে তাতে সাড়া না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ওসি।




