রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: গণঅভ্যুত্থানের মুখে পালানো কোনো সরকার পৃথিবীতে আবার ফিরে আসার নজির নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী, এমপি ও নেতারা সবাই একসঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাও পৃথিবীতে এটিই প্রথম।
রোববার দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের উদ্দেশে মন্ত্রী বলেন- যারা ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার স্বপ্ন দেখছেন তা নিছক দুরাশা। তাদের বরং নিজেদের শুদ্ধিকরণ নিয়ে ভাবা উচিত। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্টরা আর দু-তিন বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ সিকিমের মতো পরাধীন হয়ে যেত। গত ২০ বছর তারা সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি এবং হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে পিছিয়ে দিয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেলেও ২০২৪ সালে সত্যিকারের সার্বভৌমত্ব পেয়েছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে এই অর্জন, তাদের চেতনা ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
বিভাগীয় পর্যায়ে বিমানবন্দর নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশে বর্তমানে আটটি বিমানবন্দর চালু থাকলেও কয়েকটির অবস্থা বেশ ভঙ্গুর। সামনে দেশে আরও নতুন এয়ারক্রাফট আসবে। তাই আগামী ১০ বছরের মধ্যে নতুন একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে ময়মনসিংহ বিভাগ অগ্রাধিকার পাবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়েও প্রাথমিক আলোচনা চলছে বলে জানান তিনি।
শেরপুরের স্থানীয় উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, জেলার পর্যটন খাতের বিকাশে ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণ করা হবে। এছাড়া আকস্মিক পাহাড়ি ঢল থেকে জনপদ রক্ষায় মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ আরও বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।




