দেওয়ানগঞ্জ

প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান: বিয়ের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে চার বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন মিষ্টি আক্তার নামের এক তরুণী। টানা পাঁচ দিন ধরে চলা এই অবস্থানের সমর্থনে এবার ওই তরুণীর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় গ্রামবাসী। মিষ্টিকে স্ত্রীর সম্মান দেওয়ার দাবিতে তারা মহাসড়কে মানববন্ধন পালন করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ-তাড়াটিয়া সড়কের পোড়াভিটা জলব্রিজ এলাকায় এই মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় পোড়াভিটা গ্রামবাসী। এতে এলাকার বিভিন্ন বয়সী নারী ও পুরুষের পাশাপাশি শিশুরাও অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা জানান- হাতীভাঙ্গা ইউনিয়নের সাপমারী গ্রামের খশরু মিয়ার মেয়ে মিষ্টি আক্তারের সঙ্গে তাড়াটিয়া পোড়াভিটা গ্রামের ফেলু মিয়ার ছেলে জীবন মিয়ার চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি ছুটিতে বাড়ি এসে গত ১০ সেপ্টেম্বর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মিষ্টিকে নিজ বাড়িতে ডেকে আনেন জীবন। তবে তরুণীটি বাড়িতে আসা মাত্রই পরিবারের চাপে জীবন গা ঢাকা দেন।

গ্রামবাসীরা বলেন, টানা পাঁচ দিন ধরে ওই বাড়িতে অবস্থান করায় মিষ্টি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এরপরও জীবনের পরিবারের পক্ষ থেকে বিয়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই মানবিক কারণে তারা তরুণীর পাশে দাঁড়িয়েছেন। বক্তারা অবিলম্বে মিষ্টিকে সম্মানজনকভাবে বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

ভুক্তভোগী মিষ্টি আক্তার জানান, নিয়মিত ফোনে যোগাযোগ ছাড়াও জীবন ছুটিতে বাড়িতে এলে তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ হতো। জীবনের কথাতেই তিনি এই বাড়িতে এসেছেন। অধিকার আদায় না হওয়া পর্যন্ত তিনি অবস্থান ছাড়বেন না এবং দাবি পূরণ না হলে আত্মহত্যার পথ বেছে নেওয়ারও হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে জীবন মিয়া কিংবা তার পরিবারের কারও সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

Related Articles

Back to top button