দেওয়ানগঞ্জ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবতার প্রতি তাঁর শিক্ষা এবং ইসলামের প্রচার ও প্রসারে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন স্থানীয় আলেমরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় আলেম-ওলামা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়ানগঞ্জের পীর ছামসুল হুদা রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বটতলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

Related Articles

Back to top button