অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে অবৈধভাবে পরিচালিত ‘শেখ ব্রিকস’ নামের একটি ইটভাটার নিষিদ্ধ ফিক্সড চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ফুলছেন্না এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করে অনুমোদন ছাড়াই ভাটাটি পরিচালিত হচ্ছিল। তবে অভিযানের সময় ভাটার কার্যক্রম বন্ধ থাকায় এবং মালিক পক্ষের কেউ উপস্থিত না থাকায় কাউকে জরিমানা করা হয়নি। শুধু আইন বাস্তবায়নের অংশ হিসেবে নিষিদ্ধ চিমনিটি উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ইমন হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসিসহ মেলান্দহ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছামিউল আলম কুরসি জানান- ২০১৩ সালের আইন অনুযায়ী এটি একটি সম্পূর্ণ অবৈধ ইটভাটা। তাছাড়া ২০১০ সাল থেকে এ ধরনের ফিক্সড চিমনি ব্যবহার নিষিদ্ধ। সারা দেশে ফিক্সড ও ড্রাম চিমনি উচ্ছেদের যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে এই অভিযানটি পরিচালিত হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্ষতিকর ও অবৈধ এমন ইটভাটার বিরুদ্ধে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।




