দেওয়ানগঞ্জ

নদে ডুবে নিখোঁজের ২৫ দিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর রোহান (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোল্যাকান্দি নামাপাড়া এলাকায় নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত রোহান বাহাদুরাবাদ ইউনিয়নের ভাংগার গ্রামের মো. মনির হোসেনের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান- গত ২৪ আগস্ট সকালে প্রতিবেশী এক চাচার সঙ্গে বাহাদুরাবাদ ইউনিয়নের দফাদার ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমেছিল রোহান। এ সময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল টানা দুই দিন অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। পরে বাধ্য হয়ে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করে ফায়ার সার্ভিস।

অবশেষে নিখোঁজের ২৫ দিন পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পোল্যাকান্দি নামাপাড়া এলাকায় আছিমদ্দিনের দোকানের পাশে নদে রোহানের মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তারা নিজেরাই মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নদী থেকে নিখোঁজ ওই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Related Articles

Back to top button