সরিষাবাড়ী

২০ পিস ইয়াবাসহ যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ ভাটারা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলমকে (৪২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার রাতে ভাটারা ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শাহ আলমের বাড়ির উঠানে অভিযান চালানো হয়। পরে তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদার বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহীন জানান, নারী সংক্রান্ত অভিযোগে শাহ আলমকে প্রায় ছয় মাস আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে যুবদলের সঙ্গে তাঁর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

Related Articles

Back to top button