জামায়াত কে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না-রশিদুজ্জামান মিল্লাত
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: ভোটারদের মন জয় করতে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এম.রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী, পাটাধোয়াপাড়া, নবীনাবাদ, শেখ পাড়া, আমতলী মোড়ের নির্বাচনী জনসভায় অংশ নেন মিল্লাত। এছাড়াও দিনভর ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গনসংযোগ করেন তিনি।
নির্বাচনী জনসভায় রশিদুজ্জামান মিল্লাত বলেন-`জামায়াতকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না। তাদের ক্ষমতায় যাওয়ার কোন সম্ভাবনা নাই। ১৫ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, দাড়িপাল্লায় ভোট দিয়ে সেটা নষ্ট করবেন না। বিএনপি নির্বাচনে ২৪০ থেকে ২৫০ আসনে জিতে সরকার গঠন করবে। আর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। যে দল জিতে সরকার গঠন করবে আপনাদের মূল্যবান ভোটটি তাদের কে দিন। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি দরিদ্র ও অস্বচ্ছল পরিবার কে ফ্যামেলি কার্ড প্রদান করবে। যাতে তারা স্বচ্ছল ভাবে চলতে পারেন।’
রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন-`২০০১ সালে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে পোলাকান্দি ব্রীজ নির্মাণ করেছি। এবার নির্বাচিত হলে এ অঞ্চল কে নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে দেওয়ানগঞ্জ হতে সানান্দবাড়ী পর্যন্ত নদীতে বাঁধ নির্মাণ করবো।’
এছাড়াও দুই উপজেলার শিক্ষার মানোন্নয়ন ও দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রচারণার সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




