জাতীয়প্রধান খবর

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

তারেক রহমান

নিউজ ডেস্ক:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনের প্রচারণার শেষ সময় ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা। তার আগের দিন ৯ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেয়ার সুযোগ পাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা চিঠিতে বিটিভির মহাপরিচালককে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমমুখী নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটিভিতে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এই পরিবেশ সৃষ্টির অন্যতম অংশ। কমিশন রাজনৈতিক দলগুলোর প্রধানদের জন্য নির্বাচনী প্রচারের স্লট বরাদ্দের বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।

ইসি আরও জানায়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(গ) অনুসরণ করে আবেদনের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। ভাষণের সময়কাল এবং রেকর্ডিংয়ের তারিখ ও সময় বিটিভি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে।

অন্য কোনও রাজনৈতিক দল এখন পর্যন্ত বিটিভিতে প্রচারণার জন্য আবেদন করেনি। বিএনপি আবেদন করায় দলটির প্রধানকে তাদের চাহিদামতো আগামী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কমিশন।

অন্য কোনও দল আবেদন করলে তাদেরও পর্যায়ক্রমে সুযোগ দেয়া হবে।

সূত্র: যমুনা টিভি

Related Articles

Back to top button