ধানের শীষ গণতন্ত্রের আস্থার প্রতীক : সহকারী এটর্নি জেনারেল ফারুক
স্টাফ রিপোর্টার: সহকারী এটর্নি জেনারেল এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার বলেছেন-‘বিএনপি সবসময় গণমানুষের জন্য রাজনীতি করে। বিএনপি মানুষের হৃদয়ের গভীরে স্থান করে নিয়ে ইউনিয়ন থেকে জাতীয় সংসদ পর্যন্ত পথ অতিক্রম করেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক। জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।’
শুক্রবার বিকেলে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুরে বিএনপির প্রতীক ধানের শীষের প্রার্থী মোঃ হারুন অর রশীদের পক্ষে গণসংযোগ ও বিশাল মিছিল শেষে পথসভায় এসব কথা বলেন তিনি।
ইসলামপুর মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।
এসময় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




