মিল্লাতকে মন্ত্রী হিসেবে চান দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের মানুষ
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুর ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতকে সরকারের মন্ত্রী হিসেবে চান দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ এলাকার মানুষ। এলাকার মানুষের দাবি মিল্লাত মন্ত্রী হলে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার প্রধান সমস্যা নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিবেন। এছাড়াও দীর্ঘদিনের অবহেলিত দুই উপজেলার অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট মেরামত সহ প্রয়োজনীয় উন্নয়ন ত্বরান্বিত করবেন।
এম রশিদুজ্জামান মিল্লাত এ আসন থেকে ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার বিজয়ী হন। এমপি থাকাকালীন মিল্লাত দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের ব্যাপক উন্নয়ন করে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। যে কারণে আওয়ামী লীগ সহ অনান্য দলের নেতা কর্মীরাও তাকে পছন্দ করেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ৭৬ হাজার ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থীকে ধরাশায়ী করেন। এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন । তার মধ্যে তিনজন প্রার্থীর জামানত বায়েজাপ্ত হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি সারোয়ার ই আলম বলেন- এম রশিদুজ্জামান মিল্লাত এ অঞ্চলের তুমুল জনপ্রিয় একজন মানুষ। দল মত নির্বিশেষে সকল মানুষের ভালোবাসা অর্জন করতে তিনি সক্ষম হয়েছেন। বিগত সময়ে বিএনপির নিপিড়ীত নির্যাতিত কর্মীদের পাশে থেকেছেন, সেকারণে শুধু দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের নেতা-কর্মীদের কাছেই নন পুরো জামালপুর জেলার বিএনপির নেতাকর্মী দের অন্তরে তিনি জায়গা করে নিয়েছেন। তার দাবী, দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের মানুষের এখন একটাই চাওয়া রশিদুজ্জামান মিল্লাতকে তারা মন্ত্রী হিসেবে চান।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন বলেন- আওয়ামী লীগের দখলে থাকা এ আসনটি পুনরুদ্ধার করেছেন রশিদুজ্জামান মিল্লাত। ২০০১ সালে এমপি থাকাকালীন তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করে বিপুল জনপ্রিয় হয়ে উঠেন। যে কারণে এ নির্বাচনে খুব সহজ জয় পান তিনি। এ অঞ্চলের সর্বস্তরের জনগনের এখন একটাই দাবী রশিদুজ্জামান মিল্লাত কে তারা মন্ত্রী হিসেবে পেতে চান।
জামালপুর ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে এক লক্ষ ৭২ হাজার ৫৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিল্লাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েত ইসলামীর নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৭৮৩ ভোট।




