জামালপুর

মাতৃভাষা দিবসে জিলা স্কুলে কর্মসূচি না থাকায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ

হৃদয় আহাম্মেদ শাওন, জামালপুর: জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামালপুর জিলা স্কুলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোনো দৃশ্যমান কর্মসূচি পালিত না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

২১ ফেব্রুয়ারী সারাদেশের মতো জেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করে।

জামালপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে দিবসটি ঘিরে দিনব্যাপী কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসব প্রতিষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ। ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের মাঝে ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

তবে জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামালপুর জিলা স্কুলে এ বছর দিবসটি উপলক্ষে প্রভাত ফেরী ছাড়া কর্মসূচি পালিত হয়নি বলে জানা গেছে। এমনকি কোনো আলোচনা সভা বা সাংস্কৃতিক আয়োজনও অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষার্থী বলেন-‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্মসূচী গ্রহন করে। এক্ষেত্রে সরকারি নিদের্শনা না থাকলেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজন করে। এবারই আমাদের জিলা স্কুলে কোনো আয়োজন হলো না। বিষয়টি লজ্জাজনক।’

এসব বিষয়ে জানতে জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এফ.এম. ইমামুর রশিদ আজাদের মোবাইল ফোনে শনিবার সন্ধ্যায় একাধিকবার ফোন দেয়া হলেও তিনি সাড়া দেননি। পরে রবিবার দুপুরে ফোন দিলে তিনি বলেন-‘আমাদের কোনো নির্দেশনা দেয়নি উপর থেকে। আমরা ফুল দিয়েছি আর কিছু করিনি।’ এরপর তিনি মোবাইল ফোনটি কেটে দেন।

Related Articles

Back to top button