ইসলামপুরপ্রধান খবর

রমজানে বাজারে আগুন, নীরব কষ্টে নিম্ন আয়ের মানুষ

ফিরোজ শাহ,ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে রমজানে আবারও অস্থির নিত্যপণ্যের বাজার। চাল, ডাল, তেল, চিনি, ছোলা প্রায় সব পণ্যের দামই বেড়েছে। সবচেয়ে বেশি বেকায়দায় নিম্ন আয়ের মানুষ। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের তৎপরতার দাবি থাকলেও বাস্তবে স্বস্তি নেই ক্রেতাদের। বাজার দর নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে দাবী করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তা।

রমজান এলেই যেন বদলে যায়  ইসলামপুরের বাজারগুলোর চিত্র। কয়েকদিন আগেও যেসব পণ্য ছিল নাগালের মধ্যে, এখন সেগুলোর দাম ছুঁইছুঁই আগুন। চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত।

রমজান আসছে কিন্তু উৎসবের সেই প্রস্তুতির বদলে অনেকের চোখে এখন দুশ্চিন্তার ছাপ। এই বাজারেই প্রতিদিন জীবন যুদ্ধের হিসাব কষেন তারা। প্রতিটি দামের বোর্ড যেন একেকটা দীর্ঘশ্বাস। রমজানে নিত্যপণ্যের চাহিদা বাড়লেও, সেই সুযোগে যেন লাগামহীন হয়ে উঠছে দাম। নিম্ন ও মধ্য আয়ের মানুষের প্রত্যাশা বাজারে কার্যকর নজরদারি ও দ্রুত মূল্য নিয়ন্ত্রণ।

কয়েকজন ক্রেতা বলেন-‘রমজান মাসটাকে ব্যবসায়ের মাস হিসেবে পরিণত করেছে ব্যবসায়ীরা। যে মাসে ক্রেতাদের একটু স্বস্তিতে থাকার কথা, সেই মাসে হতদরিদ্ররা সবচেয়ে বেশি কষ্ট করেন। এই বিষয়ে কর্তৃপক্ষের নজর দেয়া উচিত।’

এদিকে বিক্রেতারা বলছেন- রমজান উপলক্ষে ক্রেতারা পণ্য বেশি ক্রয় করার কারণেই খুচরা বাজারে এর প্রভাব পড়ছে বলে দাবী বিক্রেতাদের।

জামালপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম জানান- বাজার দর নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে, রমজান শুরুতে দাম কিছুটা বাড়লেও এখন তা নিয়ন্ত্রণে আছে।

Related Articles

Back to top button