সারাদেশ

কৃষককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরের নকলায় বাড়ির সীমানার রাস্তা নিয়ে বিরোধের জেড়ে খোরশেদ (৫০) নামে এক কৃষককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।

নিহতের ছোট ভাই বকুল মিয়া বলেন- দীর্ঘদিন ধরে চাচাতো বোনের জামাই জুলহাস মিয়ার সঙ্গে বাড়ির সীমানার রাস্তা নিয়ে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার সকালে খোরশেদ সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তর্কবিতর্ক হয়। একপর্যায়ে জুলহাস মিয়ার পরিবারের লোকজন তাকে একা পেয়ে গলা চেপে ধরে মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জুলহাসের স্ত্রী জুলেখা বেগম ও হাফিজুলের স্ত্রী জোৎস্না বেগমকে আটক করেছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন- খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ঘটনাস্থল থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্র‍িয়াধীন।

Related Articles

Back to top button