এক আবেদনে ছাত্রাবাসের টিন ছাত্রদলকে প্রদান করলো কলেজ কর্তৃপক্ষ
ফিরোজ মাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের ছাত্রাবাসের রান্না ঘরের চালের টিন কলেজ ছাত্রদলের নেতাদের প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ। এক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
কলেজ থেকে জানা গেছে- নতুন রান্নাঘর নির্মান করার জন্য সম্প্রতি ছাত্রাবাসের রান্না ঘরের চালের টিন খোলা হয়।পরে সেগুলো ক্রয় করার ইচ্ছা জানিয়ে আবেদন করে সরকারি ইসলামপুর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির খান ও সাধারণ সম্পাদক রাব্বি। সেই এক আবেদনের প্রেক্ষিতেই ছাত্রদল নেতাদের টিন গুলো প্রদান করে কলেজ কর্তৃপক্ষ।
বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ ও আলোচনা সমালোচনা চলছে। তাই শিক্ষার্থীরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান- কলেজের কোনো মালামাল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে একটি নিয়ম আছে। মূল্য নির্ধারন কমিটি, শিডিউল ক্রয়-বিক্রয়। এরপর নিলামসহ নানা নিয়ম থাকে। এই টিন প্রদানের ক্ষেত্রে কোনো নিয়মই মানা হয়নি।
ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী জানান- জরাজীর্ণ রান্নাঘরটির মালামাল নেওয়ার জন্য ছাত্রদলের দু’জন আবেদন করেন। এবিষয়ে হোস্টেল সুপার হাফিজুর রহমানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
তবে হোস্টেল সুপার হাফিজুর রহমান প্রথমে ছাত্রদলের নেতারা মালমাল জোরকরে নেওয়ার দাবি করলেও,পরবর্তীতে আবেদনের মাধ্যমে মালমাল দেওয়া হয়েছে বলে জানান হোস্টেল সুপার। এতেই ধোঁয়াশা সৃষ্টি হয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে, তাদের অভিযোগ সরকারি মালামাল বিক্রির যে নিয়ম তা মানা হয়নি।
অভিযুক্ত ছাত্রনেতা সাব্বির জানান, কলেজ প্রশাসনের সাথে আলোচনা করে দাম নির্ধারিত করে আমরা রান্নাঘরের মালামাল নিলামের মাধ্যমে নিয়েছি।
তবে সাধারন সম্পাদক রাব্বির বক্তব্য পাওয়া যায়নি।
সাধারণ ছাত্রসহ স্থানীয়দের দাবী এধরণের কার্যক্রমের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যাবস্থা নিবে প্রশাসন।




