সেতু ধসে ৫ শিশুর মৃত্যু:২৪ ঘন্টা পরেও ঘটনাস্থলে জনতার ঢল
শাওন মোল্লা,জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু ধসে পানিতে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দুর্ঘটনাস্থলে মানুষের ভিড় থামছে না। দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় করছেন নদীর পাড়ে, দেখতে আসছেন ধসে পড়া সেই সেতুর চিহ্ন।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে ধসে পড়া সেতুর ধ্বংসাবশেষ উদ্ধার করে উপরে তুলছেন।
রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় নিহত পাঁচ শিশুর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।
স্থানীয়দের অভিযোগ- সেতুটি আগে থেকেই ঝুকিপূর্ণ ছিল, কর্তৃপক্ষকে বারবার জানানোর পরে কোন ব্যবস্থা নেয়া হয়নি। যা এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। এই ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
ঘটনাস্থল দেখতে আসা কলি রানি বলেন- “রাতে শুনলাম পাঁচজন মারা গেছে। সকালে ছেলেকে নিয়ে দেখতে এসেছি। এখন ও সেতু উপরে তুলতাছে তাই দেখেছি ।”
দেখতে আসা শাকিল নামে আরেকজন বলেন-“এমন দুর্ঘটনা খুবই কষ্টদায়ক। এখানে এসে বুঝলাম পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে ব্যবস্থা নেওয়া জরুরি “
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে।
জামালপুর জেলা প্রশাসক মো. ইউসুপ আলী জানান- “এই ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।”




