বাঁধনের ১ম বর্ষপূর্তি ও বার্ষিক সভা
স্টাফ রিপোর্টার: “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই স্লোগানকে ধারণ করে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, সরকারি আশেক মাহমুদ কলেজ ইউনিটের ১ম বর্ষপূর্তি ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক সংসদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর। তিনি একই সঙ্গে বাঁধন, সরকারি আশেক মাহমুদ কলেজ ইউনিটের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল হাকিম কাদাতাদের এবং শিক্ষক সংসদের সম্পাদক জনাব মোহাম্মদ রেজাউল করিম। তারাও সংগঠনটির উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ শওকত আলম মীর বলেন- “রক্তদান মানুষের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত একটি মানবিক দায়িত্ব। একজন মানুষের দেওয়া সামান্য রক্ত আরেকজনের কাছে হতে পারে নতুন জীবনের আশা। তরুণদের এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়। বাঁধন যেভাবে শিক্ষার্থীদের সংগঠিত করে রক্তদানে উদ্বুদ্ধ করছে, তা সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। আমি আশা করি, ভবিষ্যতে এই সংগঠন আরও বৃহৎ পরিসরে কাজ করে অসহায় মানুষের পাশে দাঁড়াবে।”
অনুষ্ঠানের এক পর্যায়ে কেক কেটে বাঁধনের ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ সময় উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে অংশ নেন।
এ সময় সংগঠনের সদস্যরা তাদের এক বছরের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) দেশের অন্যতম বৃহৎ রক্তদান সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সরকারি আশেক মাহমুদ কলেজ ইউনিটও প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।




