৯ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে জিআর ১৮৪ নম্বর মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে সশরীরে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন ৯ আওয়ামী লীগ নেতা। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজীব, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শোয়েব আল হাসান সজল এবং শ্রমিক লীগ নেতা ইয়াহিয়া।
এ ছাড়া ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে রয়েছেন ইউসুফ আলী, মো. আ. খালেক, সাইফুল ইসলাম ফটো, আক্কাস আলী, আ. মালেক ও আব্দুর রহমান মুন্সি।
আদালত থেকে জানা গেছে- মামলার ধার্য তারিখে আসামিরা আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের প্রার্থনা করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ জামিনের তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের যুক্তি তর্ক শেষে আদালত আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।




