মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে যুবকের কারাদণ্ড
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ সাজা দেন।
সাজা প্রাপ্তের নাম হজরত আলী (২৭)। তিনি পৌর শহরের চর ভবশুর ঠোটাপাড়া এলাকার মোনা সেখের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেন জানান- পৌর এলাকার চরভবশুর ঠোটাপাড়া গ্রামে মাদক সেবন করে পরিবারের সাথে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন হযরত আলী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। আটকরের পর হযরত আলী মাদক সেবন ও পরিবারের সাথে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন- মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে ওই যুবককে কারাদন্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।




