জামালপুরদেওয়ানগঞ্জমেলান্দহ

পৃথক স্থানে বজ্রপাতে ৪ গরুসহ ২ জনের মৃত্যু-আহত ২

স্টাফ রিপোর্টার: জামালপুরে বজ্রপাতে ৪ গরুসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২জন।

রোববার বিকেল ৪টার দিকে জেলার সদর, মেলান্দহ ও দেওয়ানগঞ্জ উপজেলায় এই দূর্ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃতরা হলেন- সদর উপজলার লক্ষীরচর ইউনিয়নের চরযথার্থপুর এলাকার  হাসমত আলী ও মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার কড়ইচড়া গ্রামের রাজীবের স্ত্রী মর্জিনা।

মারা যাওয়া মর্জিনা ওই গ্রামের রাজীবের স্ত্রী। তার তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

আহতরা হলেন- মর্জিনা বেগমের প্রতিবেশী শেফালী এবং হাসমত আলীর চাচাতো ভাই আনোয়ার।

এছাড়াও মারা যাওয়া ৪ গরুর মালিক হলেন দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার এলাকার ইউপি সদস্য শাহীন ভান্ডারি।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান- বিকেলে বাড়ির উঠানে থাকা রান্নাঘরে কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন মর্জিনা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একই সময়ে বৃষ্টির মধ্যে রাস্তা থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে আহত হন পাশের বাড়ির বাসিন্দা হারুনের স্ত্রী শেফালী। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের চরযথার্থপুর ভাটিপাড়া এলাকায় পৃথক আরেকটি বজ্রপাতের ঘটনায় হাসমত আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন তার চাচাতো ভাই আনোয়ার হোসেন।

জানা যায়, বৃষ্টির সময় কৃষি মাঠে কাজ করছিলেন তারা। বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান হাসমত আলী। আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি গরুও মারা গেছে।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান বলেন- বজ্রপাতে হাসমত আলীর মৃত্যু হয়েছে এবং আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে রোববার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নে বৃষ্টি শুরু হওয়ার আগে প্রচন্ড বাতাস ও বজ্রপাত হয়। এ সময় নদীর ধারে একটি ক্ষেতে বিচরণ করা শাহীন ভান্ডারির চারটি গরু বজ্রপাতে মারা যায়।

গরুর মালিক শাহীন ভান্ডারি বলেন, আমার পাঁচটি গরু ছিলো। বজ্রপাতে চারটি গরু মারা গেল। গরুগুলো কোরবানি ঈদে বিক্রি করার কথা ছিলো। এ ঘটনায় আমার অপূরনীয় ক্ষতি হলো।

Related Articles

Back to top button