জামালপুর

সামাজিক আন্দোলন ছাড়া শিশু শ্রম, বাল্যবিয়ে বন্ধ সম্ভব নয়: এমপি মামুন

স্টাফ রিপোর্টার: মাদক, বাল্যবিয়ে, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও শিশুশ্রম সমাজের উন্নয়ন ও অগ্রগতির পথে বড় অন্তরায় বলে মন্তব্য করেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এসব সামাজিক ব্যাধি দূর করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কমিউনিটির সম্মিলিত উদ্যোগে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে শিশুশ্রম, মাদক, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিয়েমুক্ত জামালপুর সদর উপজেলা ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মামুন বলেন, আজকের এ ঘোষণা যেন শুধু প্রতীকী না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, এসব সামাজিক সমস্যা প্রতিরোধে ঘোষণার মধ্য দিয়ে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধক জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী সামাজিক ব্যাধিগুলোর কারণ ও সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘একটি পরিবার, একটি শিশু’ উদ্যোগের মাধ্যমে বিত্তবান পরিবারগুলো যদি একটি করে শিশুর দায়িত্ব নেয়, তাহলে শিশুশ্রমের পরিবর্তে তারা বিদ্যালয়ে যেতে পারবে। যথাযথভাবে নজরদারি করা গেলে বিদ্যালয় থেকে ঝরে পড়াও বন্ধ করা সম্ভব। শিশুদের পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারলে বাল্যবিয়ের প্রবণতাও কমবে।

শিশুর সুরক্ষায় জামালপুর এরিয়া প্রোগ্রামের নেওয়া কার্যক্রমকে সন্তোষজনক উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, এসব শিশুর পড়ালেখার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ ও রোটারি ক্লাব অব জামালপুরের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল হাই আল হাদী, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের ডাইরেক্টর অপারেশন অ্যান্ড টেকনিক্যাল প্রোগ্রাম লিমা হান্না দারিং, লিড এডুকেশন প্রোগ্রামের মো. কামরুজ্জামান কালাম, জাবেদ গ্রুপের পরিচালক আলহাজ রাকিবুল করিম এবং জেলা নিকাহ নিবন্ধক সমিতির সাধারণ সম্পাদক কাজি মশিউর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা। কর্মসূচির লক্ষ্য,উদ্দেশ্য বর্ণনা করেন ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এরিয়ার প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গোমেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম ও এপি ম্যানেজার মিনারা পারভীন। অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল।

আলোচনা সভা শেষে জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোষণা পত্রে স্বাক্ষর করেন। পরে রোটারি ক্লাব অব জামালপুর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

জামালপুর সদর উপজেলা ও জামালপুর পৌরসভায় পরিচালিত জরিপে ৪৫৬ জন শিশুশ্রমিককে শনাক্ত করা হয়। এর মধ্যে ১১৮ জন শিশুর দায়িত্ব নেয় জামালপুর এরিয়া প্রোগ্রাম। এসব শিশুর পরিবারের আয়মুখী কাজের জন্য প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, জামালপুর সদর উপজেলায় গত এক বছরে কাজিদের মাধ্যমে কোনো বাল্যবিয়ে সংঘটিত হয়নি। একই সময়ে বিদ্যালয় থেকে ঝরে পড়ার হারও শূন্যের কোটায় নেমে এসেছে।

Related Articles

Back to top button