অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
শফিকুল ইসলাম,জামালপুর: জামালপুরে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শহরের বন্দেরবাড়ী এলাকায় পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন রাতুলের নেতৃত্বে ‘স্টার ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ও পরিবেশের জন্য ক্ষতিকর ফিক্সড চিমনি ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটার মালিকপক্ষের কেউ উপস্থিত না থাকায় জরিমানার অর্থ পরিশোধের জন্য স্টার ব্রিক্সের ম্যানেজার তপন আহমেদ এজাজকে নির্দেশ দেয়া হয়। এছাড়াও ইটাভাটার ফিক্সড চিমনি গুড়িয়ে দেয়া হয়।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন- জামালপুর জেলায় মোট ৪টি ফিক্সড চিমনিযুক্ত ইটভাটা ছিলো। গত দুই সপ্তাহে অভিযান চালিয়ে ৩টি ইটভাটার চিমনি গুড়িয়ে দেয়া হয়েছে। বাকী একটিতে দ্রুতই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন রাতুল জানান- সারাদেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় জামালপুরে অবৈধ ফিক্সড চিমনি পুরোপুরি ধ্বংস করা হয়েছে এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরণের অভিযান চলমান থাকবে।




