বকশীগঞ্জ

পুকুরে ডুবে ফকির আলী’র মৃত্যু

মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফকির আলী (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ ধাতুয়া কান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

ফকির আলী ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়- বিকেল সাড়ে ৫টার দিকে ফকির আলী বাড়ির পাশের একটি পুকুর পাড়ে যান। ধারণা করা হচ্ছে, পুকুরপাড়ে থাকা অবস্থায় হঠাৎ তাঁর মৃগী রোগের খিঁচুনি ওঠে। এতে তিনি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যান। পরে পরিবারের লোকজন তাঁকে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। তবে ততক্ষণে তিনি মারা যান।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত তরুণ আগে থেকেই মৃগী রোগী ছিলেন বলে তাঁর পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ফকির আলীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button