বকশীগঞ্জ

মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়ে কৃষকের দুই গরুর মৃত্যু

মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়ে এক দরিদ্র কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কৃষক মতি মিয়ার উপার্জনের একমাত্র সম্বল গোয়ালঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার থেকে জানা যায়- রাতে মশা তাড়াতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়েছিলেন ওই কৃষক। কয়েলের স্ফুলিঙ্গ থেকে দ্রুত গোয়ালঘরের চালে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় ভেতরে আটকে পড়া গরু দুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

কৃষিকাজ ও ওই দুটি গরু লালন পালন করেই তার সংসার চলত বলে ভুক্তভোগী কৃষক মতি মিয়া জানিয়েছেন। উপার্জনের একমাত্র মাধ্যম হারিয়ে তিনি এখন দিশেহারা। সর্বস্বান্ত এই কৃষক বর্তমানে সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের সহযোগিতার প্রত্যাশা করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুহেল রানা পলাশ উল্লেখ করেন- বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি মন্তব্য করেন, মতি মিয়া একজন হতদরিদ্র মানুষ। শেষ সম্বল হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং একেবারেই নিঃস্ব হয়ে গেছেন।

Related Articles

Back to top button